সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরের ৪টি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ ও গত নির্বাচনে দুই প্রার্থীর সমান ভোটের কারণে ডামুড্যা উপজেলার দারুল আমান ইউপির ২নং ওয়ার্ড এবং সহিংসতার ঘটনার কারণে বন্ধ থাকা শৌলপাড়া ইউপির ৮নং ওয়ার্ডে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় সোমবার। সীমানা জটিলতা, মামলা জনিত কারণ ও সংহিসতার কারণে স্থগিত থাকা নির্বাচন সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ৪৭টি কেন্দ্রে ভোট গ্রহন সমাপ্ত হয়।
সকাল থেকেই বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। দিন শেষে প্রশাসনের কঠোর নজরদারীর কারণে কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ২১ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ২২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। ৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩০ টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে ভোট কেন্দ্রে তুচ্ছ ঘটনা ছাড়া বড় ধরনের সংহিসতা হয় নি। ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
সোমবার শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন পরিষদ, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদ ও গোসাইরহাট উপজেলার আলাওলপুর এবং কুচাইপট্টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গোসাইরহাট ও আলাওলপুর ইউনিয়ন পরিষদে সীমানা ও মামলা জটিলতার কারণে দীর্ঘ ১৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুরে পাচঁটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। একটিতে আ.লীগের প্রার্থী বিজয়ী হয়েছে।
নড়িয়া উপজেলার নশাসন ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বাবুল মোল্লা বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার পরাজিত হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ঢালী বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহ আলম মুন্সী পরাজিত হয়েছে।
গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল বাশার মুন্সি পরাজিত হয়েছে। অপরদিকে আলওয়ালপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ওসমান গনি বেপারি বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন পরাজিত হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউপিতে আ.লীগের প্রার্থী মীর মামুন বিজয়ী হয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান লিটন মোল্যা পরাজিত হয়েছে।


