ক্রীড়া ডেস্ক: লা লিগায় গত কয়েক ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। তবে এইবারের বিপক্ষে এক গোলের ফলে নিজেকে আর একটি উচ্চতায় নিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
রোববার এইবারের বিপক্ষে করা গোলটি স্প্যানিশ লা লিগায় রোনালদোর ২৩৪তম গোল। রিয়ালের প্রাক্তন তারকা হুগো সানচেজেরও লা লিগায় ২৩৪টি গোল রয়েছে। তবে মেক্সিকান ফরোয়ার্ডের চেয়ে ১৩৪ ম্যাচ কম খেলে সিআর সেভেন এই ২৩৪ গোল করেন। ফলে লা লিগায় সর্বোচ্চ গোলস্কোরারদের মধ্যে এখন তৃতীয় স্থানে উঠে এসেছেন পর্তুগিজ এই যুবরাজ।
লা লিগায় সর্বোচ্চ ২৯০ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন লিওনেল মেসি। ২৫১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাথলেটিক বিলবাওয়ের প্রাক্তন খেলোয়াড় তেলমো জারা। তবে দারুণ ফর্মে থাকায় রোনালদো যে অচিরেই তেলমো জারাকে পেছনে ফেলবেন তা সহজেই অনুমেয়।