লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জাটকা ধরার দায়ে ছয় জেলের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (৮ মার্চ) দুপুর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ওই ৬ জেলের ৫০০ টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করেন।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন রিপন মিয়া, নুর আলম, দিদার, রাশেদ, জহিরুল ইসলাম ও ইউছুফ। তারা সবাই উপজেলার চর কালকিনি গ্রামের বাসিন্দা।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ৩ টা থেকে বুধবার (৮ মার্চ) সকাল ৭ টা পর্যন্ত মেঘনা নদীর বাতিরখাল মাছঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জাটকাসহ প্রায় ৪ ঝুড়ি (১৫০ কেজি) মাছ ও ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখায় বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদনে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।




