দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এই আশা প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমবাজারে গতিশীলতা বিষয়ক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন হুমায়ুন। এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে ক্যানবেরার আরও সক্রিয় সম্পৃক্ততা কামনা করেন তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে অস্ট্রেলিয়ার অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার।
তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে।’
অস্ট্রেলিয়ার টেকনিক্যাল অ্যান্ড ফারদার এডুকেশন (টাফে) প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর (টিটিসি) মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশি কেয়ারগিভারদের পেশাগত প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে জোর দেন তিনি। এতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্যখাতেও বাংলাদেশকে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার আশ্বাস দেন হাইকমিশনার।
তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।


