রাজ্য হারিয়েও শান্তিপূর্ণ ঈদ পালন করলেন কাশ্মীরের মানুষ

সোমবার সারা দেশ জুড়ে পালিত হল ঈদ৷ দেশের বিভিন্ন স্থানের মতো ঈদ পালিত হল কাশ্মীরে৷ নিরাপত্তার চাদরে মোড়া উপত্যাকায় ঈদের উৎসবে মাতেন মুসলমান সম্প্রদায়ের মানুষ। গত সোমবারই আর্টিকল ৩৭০ বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করে মোদী সরকার৷ অর্থাৎ রাজ্যের তকমা হারানোর পর জম্মু-কাশ্মীরে এটাই ছিল প্রথম ঈদ৷ স্বাভাবিকভাবে উপত্যকায় ঈদের নিরাপত্তা ছিল কড়াকড়ি৷

কাশ্মীরের বিভিন্ন ছোটো ও বড় মসজিদ গুলিতে নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ৷ তবে তাঁদের নিরাপত্তার জন্য কড়া নজর রেখেছিল প্রশাসন৷ আর্টিকল ৩৭০ তুলে নেওয়ার পর থেকে থমথমে ছিল কাশ্মীরের পরিবেশ৷ যার ফলে বন্ধ ছিল দোকানপাট বাজার সব কিছুই৷

কিন্তু ঈদ উপলক্ষে শনিবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে উপত্যকার পরিবেশ ও পরিস্থিতি৷ ধীরে ধীরে খুলতে শুরু করে কাশ্মীরের দোকান ও বাজার। ঈদ উপলক্ষে অন্য রাজ্য থেকে কাশ্মীরে তাঁদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে আসার অনুমতিও দেয় প্রশাসন।

৩৭০ ধারা বাতিলের আগে কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এবং মেহবুবা মুফতিকে কার্যত নজরবন্দি করে রাখা হলে ঈদ উপলক্ষে এদিন তাঁদেরও নামাজ পাঠের অনুমতি দেওয়া হয়৷ আব্দুল্লা ও মুফতি তাঁদের নামাজের ছবিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়৷ পাশাপাশি সকলকে শান্তিপূর্ণভাবে নামাজ পাঠ ও ঈদ পালনের বার্তা দেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী৷

ঈদের দিন যাতে কোথাও কোনও রকম অশান্তির সৃষ্টি না-হয় সেই দিকে নজর রাখতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী৷ এছাড়াও রাখা হয়েছিল সিআরপিএফ। কোথাও কোনও জটলা বা অশান্তির পরিবেশ সৃষ্টি হলে সেখানে দ্রুত পুলিশ পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।