রাজধানীর উত্তরার ১১ নং কাঁচা বাজারের পাশে বেডিং মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মার্কেটের প্রায় সব দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার বার (১১ মার্চ)দিনগত রাত ২টা ১০ মিনিটের দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে যেয়ে কাজ শুরু করে। কর্মীদের ৪০ মিনিটের চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে।
আগুন লাগার খবরে সেখানে ছুটে যান দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি বলে অনেকেই জানান।