এম এস আর মিরাজ,যশোর: যশোরে ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার দুপুর একটার দিকে গুলি করলে বিকেল পৌনে তিনটার দিকে হাসপাতালের চিকিৎসক ঘের ব্যবসায়ী ইমরুজ হোসেন (২৮)কে মৃত ঘোষণা করেন। অসামাজিক কাজে বাধা দেয়ায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে।
নিহত ইমরুজ হোসেন যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে।
ইমরুজের চাচা ইউনুস জানায়, যশোর সদর উপজেলার হরিণার বিলে ইমরুজের বড় একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরে আজ বুধবার সকালে শহরের চাঁচড়া এলাকার কতিপয় সন্ত্রাসী ভ্রাম্যমান পতিতা নিয়ে যায়। সেখানে ইমরুজের ছোট ভাই ইসরাজুল ইসলাম তাদের অসামাজিক কার্যকলাপে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ফিরে আসে।
দুপুর সাড়ে ১২টার দিকে ৪/৫টি মোটরসাইকেল যোগে ৭/৮জন চিহ্নিত সন্ত্রাসী ইমরুজের ঘেরে যায় এবং ইসরাজুলকে কোপাতে উদ্যত হয়। ইমরুজ ছোট ভাইকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তার পিছন থেকে ধারালো দাঁঁ দিয়ে কোপ মারে। এসময় সে পড়ে গেলে তারা এক রাউন্ড গুলি করে। গুলিটি বুকের বাম পাশে বিদ্ধ হলে তার মৃত্যু হয়েছে মনে করে সন্ত্রাসীরা চলে যায়।
ছোট ভাই ইসরাজুল স্থানীয়দের সহযোগিতায় দুপুর একটার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড গুলিটি বের করতে না পারায় তাকে ঢাকায় রেফার করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। বিকেল পৌনে তিনটার দিকে সার্জারী বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড ঘের ব্যবসায়ী ইমরুজের মৃত্যু ঘোষণা করেন।
ইমরুজের স্বজন লিটন জানায়, চাঁচড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলী, রিংকু, স্বাধীন, মোস্ত সহ ৭/৮জন সন্ত্রাসী ৪/৫টি মোটরসাইকেলে গিয়ে ইমরুজকে গুলি করেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক( এসআই) মোখলেচুজ্জামান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানতে পেরে হাসপাতালে যান । এসময় সন্ত্রাসীদের আটকের জন্য পুলিশের পৃথক কয়েকটি টিম অভিযান শুরু করেছে বলে দাবি করেন।
সংবাদ পেয়ে যশোরের পুলিশ সুপার মঈনুল হক, কোতয়ালি থানার নবগত ওসি জামান হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার, হাসপাতালে আসেন এবং নিহতের স্বজনদের সাথে কথা বলেন।



