মেহের আমজাদ, মেহেরপুরঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে ঘন্টা ব্যাপি কলম বিরতি করেছে মেহেরপুরের সাংবাদিকবৃন্দ। মেহেরপুর প্রেসক্লাবের সমনে এ কলম বিরতির আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কলম বিরতি শুরু হয়ে বেলা ১১ টা পর্যন্ত চলে।
এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইনমিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ে পরে প্রেসক্লাব মিলনায়তনে জরুরী সভা অনুষ্ঠিত হয়। তুহিন আরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, সাবেক সাধারণ সম্পদক মিজানুর রহমান, সাংবাদিক ওয়াজেদুল হক জেদু, কামারুজ্জামান খাঁন, মেহের আমজাদ, মহাসিন আলী, গোলাম মোস্তফা, ফারুক হোসেন, মাহবুবুল হক পোলেন,আমিরুল ইসলাম অল্ডাম, মাজেদুল হক মানিক, জুলফিকার আলী কানন, ফজলুল হক, ইয়াদুল মোমিন, মোঃ রাশেদুজ্্জামান, রেজ আন উল বাশার তাপস, আবু আক্তার, নাসের চৌধুরী, মাহবুব হোসেন প্রমুখ।
পরে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মুঠোফোনে কথা হয় মেহেরপুর-১ আসনের সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেনের সাথে। তার আশ্বাসে সাংবাদিকদের আগামী দিনের কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়। তিনি চীন সফর থেকে ফিরে এসে আগামী ২২ জুন সাংবাদিকদের সাথে বসে উদ্ভুদ্ধ পরিস্থিতি সমাধান করবেন বলে তিনি জানান।
এর আগে গত ২ জুন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছে মেহেরপুরের সাংবাদিকরা।