মেহের আমজাদ,মেহেরপুর (২১/১১/১৭)ঃ মেহেরপুরের যাদবপুরে ট্রাকের ধাক্কায় আকবর আলী (৫০) নামের এক আলগামন চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের শহীদ গফুর সড়কে ওই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আকবর আলী সদর উপজেলার যাদবপুর গ্রামের উত্তর পাড়ার (জলা পাড়া) বাসিন্দা। নিহত আকবর আলী যশোরের মৃত ইছাহাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্যালো ইঞ্জিন চালিত যান আলগামন নিয়ে মেহেরপুর শহরে প্রবেশের মুখে শহীদ গফুর সড়কে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় আলগামন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় আকবর। স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রাক চালক ফাহিম বিশ্বাসকে আটক করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার।





