মেহেরপুরে এক যুবকের আর্সেনিক ফিল্টার উদ্ভাবন

মেহের আমজাদ,মেহেরপুর (২৯/০৫/১৭): আর্সেনিক দূরীকরণের লক্ষ্যে আর্সেনিক ফিল্টার উদ্ভাবন করেছেন মেহেরপুরের এক যুবক। আর্সেনিকের পাশাপাশি আয়রণ সহ আরও অন্যান্য ক্ষতিকর উপাদানও ফিল্টার করতে সক্ষম এটি।

বাজারে যেসব ফিল্টার পাওয়া যায় সেগুলো সাধারণত আয়রণ ফিল্টার করতে পারে কিন্তু আর্সেনিক ফিল্টার করতে পারে না। তাই আর্সেনিক ও আয়রণ মুক্ত নিরাপদ পানি পেতে এ ফিল্টারটি বেশ কার্যকরী হবে বলে জানিয়েছেন উদ্ভাবক মোমিনুল ইসলাম।

মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ক্রমশঃই প্রকট আকার ধারণ করছে আর্সেনিক সমস্যা। অতি মাত্রাই ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে গভীর ও অগভীর নলকুপের পানির সাথে উঠে আসছে এ ভয়াবহ বিষ। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার নলকুপের পানিতে এখন অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে। যে সব এলাকার মানুষ যুগ যুগ ধরে আর্সেনিক মুক্ত পানি পান করে এসেছে সে সব এলাকাতেও এখন আর্সেনিকের উপস্থিতি ধরা পড়ছে।

মানুষের শরীরে আর্সেনিকের সহনীয় মাত্রা.০৫ পিপিবি হলেও নলকুপগুলোর পানিতে ৫০ থেকে ৩শ পিপিবি মাত্রা পর্যন্ত আর্সেনিক পাওয়া যাচ্ছে। ফলে আর্সেনিকযুক্ত পানি পান করে শত শত মানুষ আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হচ্ছে। মেহেরপুর জেলার আলমপুর গ্রামের বেশ কয়েকজন মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে। তাই আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পেতে মানুষ এখন মরিয়া। নিরাপদ পানির জন্য সরকারি ও বেসরকারি ভাবে নানা ধরণের ব্যবস্থা নেয়া হলেও কোনটিই টেকশই হচ্ছে না। এক দুই মাস, ছয় মাস বা এক বছর নিরাপদ পানি পেলেও পরবর্তীতে আবারও আর্সেনিক যুক্ত পানি পান করতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। তবে আশার আলো দেখিয়েছে মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের মৃত লুৎফর রহমান-এর ছেলে মোমিনুল ইসলাম নামের এক যুবক। দীর্ঘ নয় বছর ধরে গবেষণা করে এ ফিল্টার উদ্ভাবন করেছেন তিনি। যার নাম দিয়েছেন ‘এস.এল. হাউজহোল্ড ওয়াটার ফিল্টার’। এ ফিল্টারের মাধ্যমে ৮০ থেকে ৯৫ ভাগ পর্যন্ত আর্সেনিক মুক্ত করা সম্ভব।

উদ্ভাবক মোমিনুল ইসলাম জানান, এরই মধ্যে ২০১৬ সালের ৯ মে ফিল্টারটির একটি প্রটোটাইপ পরীক্ষা করিয়েছেন তিনি। মেহেরপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাকবুলার রহমানের সহায়তায় ৩১ মে তার বাড়ির অগভীর নলকুপ ও প্রটোটাইপের পানির নমুনা পরীক্ষা করা হয়। ঝিনাইদহ জেলার আঞ্চলিক পানি গবেষণাগারে ঐ পানি পরীক্ষা করানো হলে আশাব্যঞ্জক ফল পাওয়া যায়। নলকুপের পানিতে শুন্য দশমিক ২১৮ পিপিবি মাত্রার আর্সেনিক পাওয়া গেলেও প্রটোটাইপে পাওয়া যায় শুন্য দশমিক ০১ পিপিবি। অর্থাৎ ফিল্টারেশনের মাত্রা শতকরা ৯৫ ভাগ। পরে ২১ অক্টোবর ঐ আঞ্চলিক পানি গবেষণা কেন্দ্রে আবারও একটি নলকুপের পানি ও ঐ ফিল্টারের ফিল্টারেশনের পানি পরীক্ষা করানো হয়। নলকুপের পানিতে আর্সেনিকের মাত্রা শুন্য দশমিক ৩৯৬ পিপিবি, আয়রনের মাত্রা ১৩ দশমিক ০৬ মিলিগ্রাম পার লিটার, ম্যাঙ্গানিজের মাত্রা ১ দশমিক ০২ মিলিগ্রাম পার লিটার, ক্লোরাইডের মাত্রা ১ম মিলিগ্রাম পার লিটার পাওয়া যায়। অথচ ফিল্টারেশন করা ওই পানি থেকে আর্সেনিক পাওয়া যায় শুন্য দশমিক ৬৯ পিপিবি, আয়রন শুন্য দশমিক ৭৮ মিলিগ্রাম পার লিটার, ম্যাঙ্গানিজ শুন্য দশমিক ০৫ মিলিগ্রাম পার লিটার, ক্লোরাইড ১০ মিলিগ্রাম পার লিটার। এরপর ফিল্টারটি আরও উন্নত করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঝিনাইদহ জেলার আঞ্চলিক পানি গবেষণা কেন্দ্রের জুনিয়র কেমিষ্ট কানাই লাল দাস ও নজরুল ইসলামের স্বাক্ষরিত টেস্ট রিপোর্ট থেকে এর সত্যতাও পাওয়া গেছে।

ফিল্টারটি তৈরি করতে একটি ড্রাম ব্যবহার করা হয়েছে। যার নিচে বা পাশে কোন ছিদ্র নেই বা কোন ট্যাপ ব্যবহার করা হয়নি। ড্রামের মাঝখানে একটি ফিল্টার বসানো আছে। ঐ ফিল্টারের মধ্যে পাথর, বালি ও কাঠ কয়লা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করা হয়েছে। ফিল্টারেশনের কারণে পানির যে ময়লা জমা হয় তা একটি পাইপের মাধ্যমে উপর দিয়ে বের হয়ে আসে। তার পাশেই রয়েছে ফিল্টার করা নিরাপদ পানি বের হওয়ার পাইপ। নিরাপদ পানির প্রবাহকে স্বাভাবিক রাখতে একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে যা প্রতিদিনের পানির চাহিদা নিশ্চিত করবে। এর নিচে দু’টি সুইচ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে পানির প্রবাহকে কমানো বাড়ানো যাবে। এটি কিনতে ভোক্তাদের খুব বেশি টাকা খরচ করতে হবে না। বাজারের অন্যান্য ফিল্টারের চেয়ে কম বা সম দামেই কিনতে পারবেন ভোক্তারা। এক হাজার ছয়শ থেকে আটশ টাকার মধ্যেই পাওয়া যাবে। এটি তৈরি করতে যে সব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে তা হাতের কাছেই বাজারে পাওয়া যায়। কিনে আনা ফিল্টারটি কেউ ব্যবহার করতে না চাইলে সেটিতে ব্যবহার করা প্রতিটি অংশ খুলে ঘরোয়া কাজে ব্যবহার করতে পারবেন। দশ মিনিটের মধ্যে এটি পরিষ্কার করতে পারবেন যে কেউ। প্রতিদিন কমপক্ষে ৫০ থেকে ৬০ লিটার পর্যন্ত পানি ফিল্টার করতে পারবে এটি। তবে খুব ভাল মানের পানি পেতে হলে গতি কমিয়ে কম পানি ফিল্টার করাতে হবে। এটি আয়রন বা অন্য কোন কারণে কখনও বন্ধ বা জ্যাম হবে না।

ফিল্টারেশনের জন্য পানি ঢালার প্রয়োজন হলে নিজে নিজেই একটি সিগনাল দেবে ফিল্টারটি। নিরব ঘাতক আর্সেনিকের হাত থেকে বাঁচতে হলে এমন একটি ফিল্টার খুবই প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। তবে এটি এখন বাজারে পাওয়া যাচ্ছে না। সরকারি অনুমোদন পেলেই এটি বাজারজাতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন উদ্ভাবক।

মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবীর ভূইয়া জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। হাউজহোল্ড ফিল্টার হিসেবে এটি খুবই ভাল একটি উদ্ভাবন। বাজারে যেসব ফিল্টার পাওয়া যায় সেগুলো আয়রণ ফিল্টার করতে পারলেও আর্সেনিক ফিল্টার করতে পারে না। তাই ফিল্টারটি বাজারজাত হলে ভুক্তভোগীরা ব্যবহার করে নিরাপদ পানি পেতে পারেন। তবে তিনি বা তার সংস্থা এটি বাজারজাতের অনুমোদন দিতে পারেন না। তাই সরকার নির্ধারিত বিভাগের মাধ্যমে এর প্যাটার্ণ অনুমোদন করিয়ে এটি বাজারজাত করতে পারবেন উদ্ভাবক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।