মাদারীপুরে জমি নিয়ে বিরোধে অপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের পক্ষে এতে বক্তব্য দেন সদর উপজেলার মিঠাপুর এল এন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন কবিরাজ।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন কবিরাজ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের হারেজ কবিরাজের স্ত্রী রুনিয়া বেগমের সাথে প্রতিবেশি হাতেম কবিরাজের ছেলে সামচুল হক কবিরাজের জমি নিয়ে বিরোধ চলে আসেেছ।
বিষয়টি নিয়ে সম্প্রতি সালিশীতে বসেন এল এন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনোয়ার কবিরাজ, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন কাজী, সাবেক ইউপি সদস্য মোবাহার শেখসহ এলাকার মাদবররা। কাগজপত্র দেখে রুনিয়া বেগমকে জমি ছেড়ে দিতে বলেন সালিশকারীরা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে রুনিয়া বেগম। পরে জোড়পূর্বক বিরোধপূর্ণ জমি দখলে করতে গেলে সামচুল হক কবিরাজের সাথে রুনিয়ার পরিবারের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার আনোয়ার ও সালিশকারীদের চাঁদাবাজ বলে ভিত্তিহীন বক্তব্য নিয়ে ফেসবুকে অপ্রচার চালায় রুনিয়া। যা সামাজিকভাবে মানসম্মান ক্ষুন্ন হয়েছে দাবি এলাকার মাদবরদের। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এই ঘটনার তদন্তপূর্বক উপযুক্ত বিচারও দাবি করেন তারা।




