মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র আলতাফ হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সৈয়দ আতর আলী রোডের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।
উল্লেখ্য, আলতাফ হোসেন তার রাজনৈতিক জীবনে এক প্রজ্ঞাবান ব্যাক্তিত্বের অধিকারী ছিলেন। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড অব ডিরেক্টরীর সদস্য ও মাগুরা পৌরসভার নির্বাচিত মেয়রের দায়িত্বে ছিলেন। এছাড়া দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। ১৯৬৯ সনের গণ অভ্যুত্থানে তিনি মাগুরায় নেতৃত্ব দিয়েছেন।



