আকস্মিকভাবে বায়তুল মোকারম জাতীয় মসজিদের ওযুখানা, ওয়াশরুম, প্রস্রাবখানা, মসজিদের পার্কিং-সহ চতুর্দিক ঘুরে দেখে শৌচাগার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ ২ সেপ্টেম্বর সোমবার আকস্মিকভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি মসজিদের সিঁড়িতে যত্রতত্র ঘুমন্ত অবস্থায়ও বেশ কিছু মানুষকে দেখতে পান। উপদেষ্টা মসজিদে উপস্থিত মুসল্লিদের সাথেও কথা বলেন।
উপদেষ্টা বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউণ্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন। এসময় তিনি এই লাইব্রেরিটিকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার অভিপ্রায় ব্যক্ত করেন। এছাড়া, লাইব্রেরির বই নির্বাচন ও ক্রয় প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহি করার জন্যও উপদেষ্টা লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।
তিনি মসজিদের দোকান ভাড়া হতে প্রাপ্ত অর্থ থেকে আপাতত মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফিং করেন। এসময় ধর্ম উপদেষ্টা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, ইসলামিক ফাউণ্ডেশন লাইব্রেরিকে জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের স্থায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ইতোমধ্যে ২২ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। দ্রুত সময়ে টেন্ডার প্রক্রিয়া শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হবে।
পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


