করোনাভাইরাস কাউকেই ছাড় দিচ্ছে না। করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছেন মন্ত্রিসভার সদস্য, সাংসদসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও। এখন পর্যন্ত সরকারের চারজন মন্ত্রী ও সাত সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন এক মন্ত্রী ও এক সাংসদ।
আজ করোনা শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। এই নিয়ে বাংলাদেশের চার মন্ত্রী ও আট সাংসদ করোনায় শনাক্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন দুই সাংসদ। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এবং সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সাংসদ মোকাব্বির খান।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাংসদ রণজিত কুমার রায়, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ এবাদুল করিম, জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খান, চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ। তাঁদের মধ্যে নওগাঁর শহীদুজ্জামান সরকার ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
গত রোববার মারা গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাংসদ মোহাম্মাদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এর আগে করোনায় মারা গেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির, সংরক্ষিত মহিলা (বগুড়া-জয়পুরহাট) আসনের সাবেক সাংসদ কামরুন্নাহার ও সাবেক সাংসদ হাজি মকবুল হোসেন।
এক নজরে মন্ত্রী ও এমপির তালিকাঃ
১. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক
২. বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
৩. পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর
এক নজরে সাংসদদের তালিকাঃ
১. সাবেক চীফ হুইফ ড. মো. আব্দুস শহীদ(মৌলভীবাজার-৪)
২. শহীদুজ্জামান সরকার(নওগাঁ-২)
৩. রণজিত কুমার রায়(যশোর-৪)
৪. এবাদুল করিম(ব্রাহ্মণবাড়িয়া-৫)
৫. ফরিদুল হক খান(জামালপুর-২)
৬. মোস্তাফিজুর রহমান(চট্টগ্রাম-১৬)
৭. মোছলেম উদ্দিন আহমেদ(চট্টগ্রাম-৮)
৮. মোকাব্বির খান(গণফোরাম সাংসদ)
আক্রান্ত হয়ে মারা গেলেনঃ
১. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিম
১. ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ
২. সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
৩. সাবেক সাংসদ কামরুন্নাহার
৪. সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন



