মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে কারো চরিত্রহনন কখনো গ্রহণযোগ্য হতে পারে না। স্বাধীন মতপ্রকাশের নামে ব্যক্তি আক্রমণ বা মানহানি অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
রোববার (২৫ মে) সকালে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, সম্প্রতি একটি ঘটনায় দেখা গেছে, সাবেক এক নারী উপদেষ্টার সামনে এক কিশোরী প্রধানমন্ত্রীকে নাম ধরে সম্বোধন করছে এবং ওই উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের আচরণ অন্যদেরও একই ধরনের আচরণে উৎসাহিত করতে পারে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে সাক্ষাতের জন্য ডেকেছিলেন। সাক্ষাৎ শেষে ওই সাংবাদিকের প্রকাশিত প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এতে সাংবাদিকদের প্রতিবেদনের প্রতি সরকারের গুরুত্ব প্রতিফলিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী পরিবেশ ও বৃক্ষরোপণ ইস্যুতেও গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, যেখানে বৃক্ষ নিধন হয়েছে সেখানে পুনরায় বৃক্ষরোপণের কথা প্রধানমন্ত্রী বলেছেন। বিশেষ করে ‘মা গাছ’-এর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে বন ও পরিবেশ মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।
তিনি দাবি করেন, সরকারের এই অবস্থানের বাস্তব প্রতিফলন বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমেই দেখা যাবে।



