ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু কাশ্মীর সফর আগামী ২৪ এপ্রিল। সফরের দুই দিন আগে ফের উত্তপ্ত কাশ্মীর। কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে সেখানে আর পা রাখেননি মোদি। ফলে আইন প্রত্যাহারের পর এই প্রথম তাঁর কাশ্মীর শহর ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে চরমে। জম্মুতে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে মৃত তিন ও আহত একাধিক জওয়ান।
আজ শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ সিআইএসএফের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অতর্কিত হামলায় দিশেহারা হয়ে গিয়েছিলেন জওয়ানরা। তবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে বেশি সময় লাগেনি। জঙ্গিদের সঙ্গে দীর্ঘক্ষণ গুলি বিনিময় হয় জওয়ানদের। তবে কাউকে ধরা যায়নি। জঙ্গিরা সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে খবর।
জঙ্গিদের নিশানায় সিআইএসএফ জওয়ানদের গাড়ি। হামলায় মারা গিয়েছেন এক এএসআইসহ তিনজন।৩৭০ ধারা কাশ্মীর থেকে বিলোপ করার পর জঙ্গি কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। একের পর এক অভিযান চালিয়ে জঙ্গি নাশকতা অনেকটাই আটকাতে সমর্থ হয়েছিল কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। কিন্তু গত কয়েক দিন ধরে ফের জঙ্গি কার্যকলাপ মাথাচারা দিয়েছে উপত্যকায়। গতকাল থেকে একের পর এক জঙ্গি নাশকতার ঘটনা ঘটে চলেছে ভূস্বর্গে।
জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক এএসআই। আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর জঙ্গিদের সঙ্গে এখনও এনকাউন্টার চলছে। এক জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। জম্মুর সুজওয়ান এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে অন্তর্ঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযান চলছে। মোদীর সফরের আগে অশান্তি ছড়ানোর চেষ্টা করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগে শান্তিপূর্ণ ছিল উপত্যকা। কোনও রকম নাশকতার ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে কাশ্মীরের কয়েকজন পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। তারপরে আতঙ্ক ছড়িয়েছিল। আবার এক কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনাও ঘটেছে। কাশ্মীর পুলিশের এডিজি মুকেশ সিং জানিয়েছেন, অপারেশন চলছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।




