বিশ্ব হাতি দিবস আজ, হাতি সংরক্ষণে সচেতনতার আহ্বান

বিশ্ব হাতি দিবস আজ, হাতি সংরক্ষণে সচেতনতার আহ্বান
বিশ্ব হাতি দিবস

আজ ১২ আগস্ট, বিশ্ব হাতি দিবস। হাতি সংরক্ষণ, তাদের আবাসস্থল রক্ষা এবং এই বৃহৎ স্থলচর প্রাণী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালিত হয়।

২০১২ সাল থেকে বিশ্বব্যাপী ১২ আগস্ট বিশ্ব হাতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জীবজগতের সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণী হাতি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঘ-সিংহের পাশাপাশি হাতিও মানুষের কাছে বন্যপ্রাণী জগতের অন্যতম পরিচিত ও আকর্ষণীয় প্রাণী।

তবে নানা কারণে বর্তমানে হাতির অস্তিত্ব হুমকির মুখে। দ্রুত নগরায়ন, বন উজাড়, কৃষিজমি ও অবকাঠামো সম্প্রসারণের ফলে সংকুচিত হচ্ছে হাতির প্রাকৃতিক আবাসস্থল ও চলাচলের পথ। এর পাশাপাশি অবৈধ শিকার, দাঁতের জন্য হাতি হত্যা এবং আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারও তাদের সংখ্যা কমিয়ে দিচ্ছে।

হাতির আবাসস্থল ধ্বংসের ফলে মানুষ ও হাতির মধ্যে সংঘাতও বাড়ছে। খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাতি অনেক সময় লোকালয়ে প্রবেশ করে। এতে যেমন মানুষের ক্ষয়ক্ষতি হয়, তেমনি মানুষের আক্রমণেও প্রাণ হারায় হাতি।

বিশ্ব হাতি দিবস প্রতিষ্ঠার পেছনে ছিলেন কানাডীয় চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস ও মাইকেল ক্লার্ক এবং থাইল্যান্ডের এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশনের প্রধান শিভাপর্ন দারদারানন্দ। হাতি সংরক্ষণ ও তাদের সংকট সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির লক্ষ্যেই দিবসটির সূচনা করা হয়।

বিশ্ব হাতি দিবসের মূল লক্ষ্য শুধু হাতি রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া নয়; বরং হাতির নিরাপদ বিচরণভূমি নিশ্চিত করা, অবৈধ শিকার ও পাচার বন্ধ করা এবং মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় হাতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাতি সংরক্ষণে বন ও আবাসস্থল রক্ষা, বন্যপ্রাণী পাচার প্রতিরোধ এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর সংরক্ষণ উদ্যোগ জোরদার করা জরুরি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।