বাংলাদেশ সাহায্য দাতা দেশে পরিণত হয়েছে -পরিবেশ মন্ত্রী

বাংলাদেশ সাহায্য দাতা দেশে পরিণত হয়েছে -পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার: পূর্বে দেশের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনগণের প্রয়োজন মেটাতে উন্নত দেশের সহায়তা প্রয়োজন হতো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, দেশ স্বাবলম্বী হয়েছে। এখন বাংলাদেশ অন্য দেশের দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার সামর্থ্য অর্জন করেছে এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। ফলে বর্তমানে সাহায্য গ্রহণকারী দেশের পরিবর্তে বাংলাদেশ সাহায্য দাতার দেশে পরিণত হয়েছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন

আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর, গেট, গভীর নলকূপ, ড্রেন ও অভ্যন্তরীণ রাস্তাসহ ৪ তলা ভিতবিশিষ্ট ২ তলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করবে।

মন্ত্রী বলেন, এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের উদাহরণ। তিনি বলেন, সারা দেশের মতো বড়লেখায়ও জনগণের চাহিদামতো রাস্তাঘাট নির্মাণ, নদী ভাঙন রোধসহ জনস্বার্থমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম পাঠান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দীন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।