প্রায় সাড়ে ১২ কোটি টাকা দানকর পরিশোধ করেছেন ড. মুহাম্মদ ইউনূস

উচ্চ আদালতের নির্দেশনা মেনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা প্রায় সাড়ে ১২ কোটি টাকা দানকর পরিশোধ করেছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ জুলাই) সাউথইস্ট ব্যাংকের প্রধান শাখার মাধ্যমে এনবিআর কর অঞ্চল-১৪ এর উপ-কমিশনার বরাবর এই টাকা জমা দেওয়া হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী রুহুল আমিন সরকারের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে ব্যাংকের পে-অর্ডার সংযুক্ত করে বকেয়া দানকর পরিশোধের কথা উল্লেখ করে প্রাপ্তিস্বীকারের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বকেয়া দানকর পরিশোধের জন্য যে নোটিশ দিয়েছিলেন পরবর্তীতে ওই বকেয়া দানকর দাবির পরিপ্রেক্ষিতে করদাতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই দানকর মামলাটি হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন, যা করদাতা সংবাদমাধ্যমে অবহিত হয়েছে।

হাইকোর্ট বিভাগের রায় অনুযায়ী গত ১৮ জুন বকেয়া ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা দেওয়ার নোটিশ ইস্যু করা হয়। এ অবস্থায় বকেয়া দানকর ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা সাউথইস্ট ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখার পে-অর্ডারের (নম্বর-পিও ৩৬২০১৭০) মাধ্যমে পরিশোধ করা হলো।

গত ২৩ জুলাই এনবিআরের আরোপিত দানকর বৈধ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) ড. মুহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে এনবিআরের আরোপিত দানকর দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ ওই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সরদার জিন্নাত আলী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।