এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ বহু কাঙ্ক্ষিত বোদা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিষ্ঠার ১৭ বছর পর আগামী ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো পঞ্চগড়ের বোদা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২০০১ সালে বোদা উপজেলা সদর ইউনিয়কে পৌরসভায় উন্নীত করা হয়। পার্শবর্তি আটোয়ারী উপজেলার সাতখামার ও কুরুলিয়া দুটি মৌজাকে বোদা পৌরসভার আওতাভুক্ত করা হয়। পৌরসভা গঠনের পর নির্বাচন কমিশন দুই দুই বার নির্বাচনী তফসিল ঘোষণা করে। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়।
সেই থেকে পৌর প্রশাসক দিয়ে পৌরসভা পরিচালিত হয়ে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসকের দায়িত্ব আর বোদা সদর ইউনিয়ন পরিষদের তিনজন সদস্য দীর্ঘ ১৭ বছর বোদা পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছেন।
এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রথমবার নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ভোটাররা এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চায়।
মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তালিকায় বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বোদা বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ মোঃ আজাহার আলীর ও বোদা গালর্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বোদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আখতার হোসেন হাসান, বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হকিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ তারা, সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ ওয়াসেউল ইসলাম ও পৌর বিএনপির কোষাধ্যক্ষ মোঃ সাজ্জাদার রহমান জুয়েল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বোদা মহিলা কলেজের অধ্যাপক এমরান আল আমিন, সিপিবির কমরেড শামীম চৌধুরীর নাম শোনা যাচ্ছে। এদিকে সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে বিপুল সংখ্যক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ নভেম্বর মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৮ ও ২৯ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। এরই মধ্যে ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। তিনি জানান, বোদা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭৯০ জন। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ৫৮৯ জন আর পুরুষ ভোটার ৬ হাজার ২০১ জন।




