বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রকল্পসমূহের বাস্তবায়নের গতি আরো বাড়াতে এবং সরকারের উন্নয়ন ও অগ্রগতির প্রতিচ্ছবি জনগণকে জানানোর উদ্যোগ নিতে হবে। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সকল তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রকল্পসমূহের ডিসেম্বর ২০১৮ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় স্বার্থে যার যার অবস্থান থেকে ভিশন-২০৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সভায় জানানো হয়, জ্বালানি বিভাগে জিওবি ও এডিপিভুক্ত ২৯টি প্রকল্প রয়েছে। এ সকল প্রকল্পের ডিসেম্বর ২০১৮ পর্যন্ত গড়ে অগ্রগতি ৫৪ দশমিক ১৪ শতাংশ।
সভায় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রাহমাতুল মুনিমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দপ্তরসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।



