বাংলাদেশের বর্তমান সংকটাপন্ন অবস্থায় বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্রীবাস (৬৬) নামে পুলিশের এক সাবেক কর্মকর্তা মারা গেছেন। শ্রীবাস গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঘোষপাড়ার এলাকার বাসিন্দা। তিনি পুলিশে উপ-পরিদর্শক (এসআই) পদে থেকে অবসরে যান।
মঙ্গলবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন।
আরএমও ডা. খায়রুল বাশার মোমিন জানান, পুলিশের সাবেক ওই কর্মকর্তা গত ২০ জুন করোনায় আক্রান্ত হয়ে রাত পৌনে ১০টার দিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। করোনার কারণে তার শ্বাসকষ্ট ছিল।
মঙ্গলবার দুপুরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সৎকারের জন্য তার মরদেহ জীবাণুমুক্ত করে গ্রামের বাড়িতে পাঠানো হয়।
অন্যদিকে গতকাল পর্যন্ত পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৯৮ জন, যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। তবে তাদের মধ্যে পুলিশের ৫ হাজার ৪৯১ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে করোনা আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। গতকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৫ জন।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে এ পর্যন্ত জীবন দিলেন পুলিশের ৩৩ বীর সদস্য।



