পায়রা বন্দর নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে উপনীত – নৌপরিবহন প্রতিমন্ত্রী

পায়রা বন্দর নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে উপনীত – নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার ফলে পায়রা বন্দর নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।

পায়রা বন্দরের মাধ্যমে কয়লা পরিবহনের পাশাপাশি অন‍্যান‍্য পণ‍্যও পরিবহন করা হবে। পায়রা বন্দর ভবিষ‍্যতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পায়রা বন্দরের জন্য দু’টি টাগবোট নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাথে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম শামসুল আজিজ।

প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দর এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করেছে। পায়রা বন্দরকে ঘিরে ইতিমধ‍্যে দেশের দক্ষিণাঞ্চলে ব‍্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। ব‍্যবসা-বাণিজ‍্যের প্রসার ঘটছে। সেখানে জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠান, শেখ হাসিনা ক‍্যান্টনমেন্ট, দু’টি বিশ্ববিদ‍্যালয়, নৌঘাটি নির্মিত হচ্ছে। কুয়াকাটায় পর্যটনের হাব রয়েছে। পায়রায় বিদ‍্যুতের নতুন হাব হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের সমুদ্রসীমার পরিধি বেড়ে যাচ্ছে। বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে। মোংলা বন্দরের আউটারবারে ড্রেজিং করা হয়েছে। ইনারবারে ড্রেজিং চলছে। সেখানে ৯ মিটারের অধিক ড্রাফটের জাহাজ আসতে পারবে। চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল নির্মাণের কাজ চলছে, সেখানে ২৪ ঘণ্টা জাহাজ আসা-যাওয়া করবে।

উল্লেখ্য, খুলনা শিপইয়ার্ড লিমিটেড ১৮ মাসে টাগবোট দু’টি নির্মাণ করবে। ৭০ টন বোলার্ড পুল বিশিষ্ট দু’টি টাগবোট নির্মাণে ব্যয় হবে ১৩৫ কোটি টাকা। টাগবোট দু’টির দৈর্ঘ্য ৩৭ দশমিক ৭০ মিটার, প্রস্থ ১১ মিটার, ড্রাফট ৫ দশমিক ০০ মিটার এবং  টনেজ ২৮০ টন। টাগবোট দু’টির প্রতিটিই এককভাবে একটি বাণিজ্যিক জাহাজকে ভিড়াতে সক্ষম হবে।

এছাড়া সার্চ এন্ড রেসকিউ, বাণিজ্যিক জাহাজকে অগ্নিনির্বাপণে সহায়তা করা, দুর্ঘটনাকবলিত জাহাজকে টেনে নিরাপদে নিয়ে আসা, উত্তাল সমুদ্রে পাইলট ট্রান্সফারে সহায়তা করাসহ নানাবিধ অত্যাবশ্যকীয় কাজে টাগবোটগুলো ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।