এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ‘রক্ত দেব, তবু জমি দেব না, রক্তের হলিতে লাল হবে যে মাটি সেখানেই কবর দিও আমার দেহটি, এ কেমন দেশ নিজের ঘরে পরবাস’ স্লোগান লিখিত ব্যানার-ফেস্টুন নিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন ভূমি মালিকরা।
৭ মে (রবিবার) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলার প্রায় পাঁচ শতাধিক ভূমি মালিক একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মানববন্ধন করে। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকেরা। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম খান ওয়ারেসী স্মারকলিপি গ্রহণ করেন এবং তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
বিক্ষোভকারীরা ১৯২৭ সালের বন আইনের ৬ ধারা বাতিল এবং ভূমি জরিপে তাদের ভোগদখলে থাকা জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করার দাবী জানায়।
উল্লখ্য যে, ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে পঞ্চগড় জেলার বোদা, দেবীগঞ্জ, সদর ও তেঁতুলিয়া উপজেলার অন্তর্গত কিছু মৌজায় গরিব কৃষকদের ৫৬০২ একর কৃষিজমি প্রাইভেট ফরেস্ট অর্ডিন্যান্স ১৯৫৯ মোতাবেক বন বিভাগের ওপর ১০০ বছরের জন্য ন্যস্ত করে। এসব জমি বর্তমানে বন বিভাগের নামে রেকর্ড করার চেষ্টা চলছে।



