নিবন্ধনপ্রাপ্ত গণমাধ্যমকে নীতিমালা মেনে সংবাদ প্রকাশের আহ্বান

নিবন্ধনপ্রাপ্ত গণমাধ্যমকে নীতিমালা মেনে সংবাদ প্রকাশের আহ্বান
নীতিমালা মেনে সংবাদ প্রকাশের আহ্বান

ঢাকা: সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত সব গণমাধ্যমকে তথ্য প্রকাশের ক্ষেত্রে নির্ভুলতা, পেশাদারিত্ব এবং বিদ্যমান নীতিমালা মেনে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর।

এক বিজ্ঞপ্তিতে অধিদফতর জানায়, সম্প্রতি কিছু নিবন্ধিত গণমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও কনটেন্টের ভিত্তিতে অসত্য সংবাদ প্রকাশের ঘটনা লক্ষ্য করা গেছে। এসব সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো কোনো গণমাধ্যম ইতোমধ্যে ভুল তথ্য প্রকাশের বিষয়টি স্বীকার করে সংশোধনী প্রকাশ ও দুঃখ প্রকাশ করেছে। তবে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ফ্যাক্ট-চেক সম্পন্ন করা প্রতিটি গণমাধ্যমের পেশাগত ও নৈতিক দায়িত্ব।

তথ্য অধিদফতর আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য অনির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহের প্রবণতার কারণে অনেক সময় বিভ্রান্তিকর ও বিকৃত তথ্য মূলধারার সংবাদমাধ্যমে স্থান পাচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রতিটি সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্যভাবে তথ্য যাচাই করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

অধিদফতরের মতে, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে অবহেলা বা প্রচলিত নীতিমালার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়া বেনামী, ভুয়া বা অনিবন্ধিত কোনো প্ল্যাটফর্মকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করার জন্যও নিবন্ধিত গণমাধ্যমগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তথ্য অধিদফতর দেশের সকল নিবন্ধিত সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের ডিক্লারেশন ও নিবন্ধনের শর্তাবলি এবং প্রযোজ্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।