ময়মনসিংহে নিজের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন রুপন আকন্দ (৫০)নামে এক ভদ্রলোক। অন্যান্য মাছের সাথে ধরা পড়ল আটটি সেলাইযুক্ত একটি রুই মাছ।
আজ সকালে এ ধরনের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের বীর চরোকোনা গ্রামে। এ ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে কবিরাজের পরামর্শে মাছটি বিক্রি না করে অন্য পুকুরে ছেড়ে দেয়।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের রুপন আকন্দ (৫০) বাড়ির সামনে ৫০ শতক পরিমাণের একটি পুকুরে মাছ চাষ করে আসছেন দীর্ঘদিন ধরে। এই পুকুর থেকে মাঝে-মধ্যে মাছ বিক্রিও করেন।
আকন্দ জানান, আজ সকালে তিনি মাছ বিক্রি করার জন্য জেলে খবর দেই। পরে দুটি জাল নিয়ে জেলেরা পুকুর থেকে মাছ ধরতে থাকেন। একপর্যায়ে অন্যান্য মাছের সাথে ধরা পড়ে একটি রুই মাছ। সকলের চোখে পড়ে মাছের শরীরে উভয় দিকে ৮টি ছিদ্র। আর প্রত্যেক ছিদ্রে সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করা হয়েছে। এই অবস্থায় মাছটি তরতাজা থাকলেও নড়াচড়া কম ছিল।
আকন্দ আরো জানান, মাছটি ধরার পর একধরনের আতঙ্ক বিরাজ হয়েছে। অনেকেই বলছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। আধ্যাত্মিক লাইনে কবিরাজি করে কোনো ব্যক্তির ক্ষতি সাধন ছাড়াও মাছের ক্ষতি করার উদ্দেশ্যে করা হতে পারে। ঘটনাটি নিয়ে স্থানীয় এক কবিরাজের কথায় মাছটিকে জীবিত রাখতে অন্য একটি সচল পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই অবস্থায় মাছটি কতদিন বেঁচে থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে।



