কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-পথে নাব্যতা সংকট থাকায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌরুটের চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে ফেরি আটকে যাচ্ছে ডুবোচরে। এ কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ভিড় বেড়েছে স্পিডবোটে।
সোমবার (১৯ অক্টোবর) বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, নৌ-পথে নাব্যতা সংকট থাকায় ফেরি চলাচল করতে পারছে না। নৌরুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় ফেরির তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল ফেরি। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় ফেরি চলাচল বন্ধ রেখেছেন ফেরি চালক ও মালিকেরা।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, ‘সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ। চ্যানেলে তীব্র নাব্যতা সংকট রয়েছে। বিষয়টি নিয়ে উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ‘




