ঝালকাঠি প্রতিনিধি : বিষখালি নদীর ভাঙনের হাত থেকে বিদ্যালয়, বাজার, লঞ্চঘাট, রাস্তা ও বসতঘর রক্ষার দাবিতে ঝালকাঠি জেলার নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙন কবলিত ভবানীপুর বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী ও ভাঙনের ঝুঁকিতে থাকা তিনটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বারেক মাস্টার, সাধারণ সম্পাদক মো. নান্নু তালুকদার, ইউপি সদস্য রিপন মোল্লা, স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম খান ও ভবানীপুর আর্দশ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিরন মোল্লা প্রমুখ। ওই এলাকার সন্তান বাংলাদেশ সুপ্রীর কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কাওছার হোসাইনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিষখালী নদী তীরবর্তী ভবানীপুর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর বাজার ও লঞ্চঘাট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের দিনে ১৫-২০জনের জমি-বসতভিটা, ১০টি রেইনট্রি গাছ ও ইউনিয়নের প্রধান সড়কের কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে ভবানীপুর গ্রামটি জেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে। দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করে ওই তিনটি বিদ্যালয়, ঐতিহ্যবাহী ভবানীপুর বাজার, ইউনিয়নের প্রধান সড়ক ও লঞ্চঘাটটি রাক্ষসী নদীর হাত থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনের পরে দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের (বরিশাল অঞ্চল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী, নির্বাহী প্রকৌশলী মো. সাঈদ আহমেদ ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম জুপিটার। এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী সাংবাদিকদের বলেন, ‘ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। ভাঙন কবলিত এলাকা মেপে স্টিমিট করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে’।




