নদীর নামেই এ সেতুর নাম পদ্মা সেতু করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর পরিবারের কোনও সদস্যের নামে পদ্মা সেতু’র নামকরণ করা হোক তা চাননি প্রধানমন্ত্রী। তাই তিনি নদীর নামেই এ সেতুর নাম পদ্মা সেতু করার সিদ্ধান্ত দিয়েছেন। বললেন কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য রোগে আক্রান্ত লিখনকে দেখতে গেলে অপেক্ষমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান কাদের।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের নামে পদ্মা সেতু’র নামকরণের প্রস্তাব নাকচ করে দেয়ায় অবশেষে নদীর নামেই এই সেতুর নামকরণ করা হচ্ছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী। এজন্য সংসদ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংস্কৃতিক সংগঠকরা তার নামে এই সেতুর নামকরণ করার দাবি জানিয়ে আসছিলেন। এই প্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ করার প্রস্তাব করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন।

কোটার পক্ষে আন্দোলন সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনকারীদের দাবি-দাওয়া কি আগে তা দেখা যাক। তারপর এ বিষয়ে কথা বলা যাবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধুর কন্যা যা করেছেন তা আর কেউ করেন নি। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কারোও কোন দাবি জানাতে হবে না। তবে কোনও বিষয় ন্যায়সংগত ও বাস্তবসম্মত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই তা দেখবেন।

কাদের বলেন, মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি তারা কখনো করবেন না, তারা উঠে যাবে। তারা কারো উসকানিতে পা দেবে না। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপি। আর এখন তারা মুক্তিযোদ্ধা কোটার পক্ষে কথা বলার অর্থ হলো ডাল মে কুচ কালা হ্যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।