ক্রীড়া ডেস্ক: দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিক ভারতই। দিন শেষে দক্ষিণ আফ্রিকার থেকে ২১৩ রানে এগিয়ে আছে দলটি। আর নিজেদের ব্যাটিং ব্যর্থতার দিনে প্রথম ইনিংসে মাত্র ১২১ রানে অলআউট হয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
দিল্লিতে ভারতের প্রথম ইনিংসে করা ৩৩৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে আরেকবার লজ্জায় ডুবে প্রোটিয়ারা। ভারতীয় বোলিং আক্রমণে কাবু হয়ে সফরকারীরা অলআউট হওয়ার আগে ৪৯.৩ ওভার ব্যাট করে মাত্র ১২১ রান তোলে। ২১৩ রানে তাদের পিছিয়ে রাখতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে ভারতের সেই স্পিনাররাই।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার ডিন এলগার ১৭ আর বাভুমার ব্যাট থেকে আসে মাত্র ২২ রান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। সফরকারী অধিনায়ক হাশিম আমলা ৩, ফাফ ডু প্লেসিস ০, জেপি ডুমিনি ১, ড্যান ভিলাস ১১, কাইল অ্যাবোট ৪, ড্যান পিট ৫, ইমরান তাহির ১ আর মরনে মরকেল ৯ রানে অপরাজিত থাকে।
মারকুটে হলেও শুক্রবার ধৈর্য্য ধরে দলকে টেনে তোলার চেষ্টা করেন এবি ডি ভিলিয়ার্স। তবে, ইনিংস বেশী লম্বা করতে পারেননি তিনি। দলীয় ১১৮ রানের মাথায় দলের নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেওয়ার আগে ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৪২ রান।
দিল্লিতেও স্পিন আধিপত্যের দিনে রবীন্দ্র জাদেজা একাই তুলে নেন ৫টি উইকেট। অপর স্পিনার অশ্বিন পান দুই উইকেট। এছাড়া উমেশ যাদব দুটি এবং ইশান্ত শর্মা একটি করে উইকেট পান।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নেওয়া ভারত শুরু থেকেই দারুণ খেলতে থাকে। আগের দিনে ৮৯ রান করে অপরাজিত থাকা রাহানে দ্বিতীয় দিন সাদা পোশাকে পঞ্চম শতকটি তুলে নেন। ইমরান তাহিরের বলে ভিলিয়ার্সের তালুবন্দি হওয়ার আগে ২১৫ বলে ১১টি চার আর ৪টি ছক্কায় রাহানে করেন ১২৭ রান। তাছাড়া টিম ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলি করেন ৪৪ রান, রবিন্দ্র জাদেজা ২৪ রান অশ্বিন করেন ৫৬ রান করেন।
প্রথম ইনিংসে বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ড্যান লিরয় ৪টি, কাইল অ্যাবোট সর্বোচ্চ ৫টি এবং ইমরান তাহির একটি উইকেট পান।


