× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

ঢাবি জগন্নাথ হল ট্র্যাজেডির ৪০ বছর

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
জগন্নাথ হল ট্র্যাজেডি

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ট্র্যাজেডির ৪০ বছর। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন মারা যান। নিহতের মধ্যে ২৫ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ১৪ জন কর্মচারী ও অতিথি ছিলেন। এরপর থেকে ঢাবি কর্তৃপক্ষ নিহতদের স্মরণে দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আসছে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন তৎকালীন রাষ্ট্রপতি, কেন্দ্রীয় পনেরো ও সাতদলীয় ঐক্য জোটসহ অন্যান্য রাজনৈতিক নেতা। বিদেশি কূটনীতিকরাও শোক জানান। তিন দিন জাতীয় শোক ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ১৬ অক্টোবর সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকেই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথ হল এলাকায় যেখানে ‘অক্টোবর স্মৃতিভবন’ দাঁড়িয়ে আছে, সেখানে ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের অধিবেশন বসতো। একে ‘পরিষদ ভবন’ বা অ্যাসেম্বলি হল বলা হতো। এ ভবনটি ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবনটিকে ছাত্রদের আবাসিক প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ হলের সঙ্গে যুক্ত করে।

একাত্তরের শহীদ আবাসিক শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের নামে এ পরিষদ ভবন বা অ্যাসেম্বলি হলের নামকরণ করা হয় ‘অনুদ্বৈপায়ন ভবন’। প্রায় ১৫০ বছরের পুরোনো এই ভবনটিকে আগেই বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল।

ব্রিটিশ শাসনামলে চুন, সুরকি, লোহার রডের বিম দিয়ে তৈরি এ ভবন ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তারপরও কর্তৃপক্ষ ছাত্রদের বিনোদন ব্যবস্থা হিসেবে এখানেই একটি বড় রঙিন টেলিভিশন স্থাপন করে।

১৫ অক্টোবর দিনটি ছিল দুর্যোগপূর্ণ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টি হয় এবং রাজধানী ঢাকার ওপর দিয়ে প্রায় ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যায়। সারাদিন ধরেই ছিল টিপটিপ বৃষ্টি। আর এ জন্যই পলেস্তারা নরম হয়ে ধসে পড়ে ছাদটি। এরপরই মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হয় বিশ্ববাসী।

এদিন রাত সাড়ে ৮টা থেকে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ধারাবাহিক নাটক ‘শুকতারা’ প্রচার হচ্ছিল। নাটকে অভিনয় করেছিলেন জগন্নাথ হলের ছাত্র শুভ্র দেব। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নাটকটি দেখার জন্য সমবেত হয় বহু ছাত্র। রাত প্রায় পৌনে ৯টার দিকে ছাত্রদের ওপর ভেঙে পড়ে ভবনের ছাদটি। গভীর রাত ধরে চলে উদ্ধার কাজ।

যেদিন ঘটনাটি ঘটল সেদিন মঙ্গলবার ছিল। জনপ্রিয় নাটক ‘শুকতারা’ দেখার জন্য সবাই উদগ্রীব। ঝুঁকি আছে জেনেও সবাই ওই টিভি রুমে জমায়েত হয়েছিল। কারণ একটা মাত্র রঙিন টিভি ছিল, আর সেটা ওই ভবনে। একটু পরই বিকট শব্দ,এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রচুর রক্তের দরকার ছিল, সকলে লাইন ধরে রক্ত দেওয়ার চেষ্টা করেছিল। সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওইদিনই ৩৫ জন মারা গিয়েছিল, পরে আরো ৫ জন। গোবিন্দ চন্দ্র দেব ভবনের সামনে সারি সারি লাশ রাখা হলো।জগন্নাথ হলে যারা নিহত

যারা প্রয়াত হলেনঃ মৃণাল কান্তি জয়ধর(সংস্কৃত), অনুপম সাহারায়(ভূগোল), বিধান চন্দ্র বিশ্বাস(ভূগোল), অতুল চন্দ্র পাল(গণিত), শিবনারায়ণ দাশ(উদ্ভিদবিজ্ঞান), আশীষ কুমার হালদার(ফার্মেসী), অসীম সরকার(পদার্থ বিজ্ঞান), অশোক কুমার সাহা(সমাজ কল্যাণ), রনজিত কুমার রায়(পদার্থ বিজ্ঞান), রণজিৎ কুমার মৃধা(পদার্থ বিজ্ঞান), শান্তিপ্রিয় চাকমা(হিসাববিজ্ঞান), বাবুল কুমার ঘোষ(উদ্ভিদবিজ্ঞান), প্রতাপ চন্দ্র সাহা(গণিত), পরিতোষ কুমার মিস্ত্রী(পদার্থ বিজ্ঞান), কার্তিক চন্দ্র বালা(হিসাব বিজ্ঞান), রশ্মিনী কুমার বর্মন(অর্থনীতি), তুষার কান্তি দাস(মার্কেটিং), তপন কুমার মণ্ডল(ফিন্যান্স), ঠাকুরদাস দাস(পরিসংখ্যান), উত্তম কুমার রায়(ফিন্যান্স), রবীন্দ্রনাথ বাড়ৈ(রাষ্ট্রবিজ্ঞান), জন শ্যামল সরকার(রাষ্ট্রবিজ্ঞান), গোবিন্দ কুমার ভৌমিক(গণিত), গোপাল চন্দ্র কর্মকার(ফলিত রসায়ন) ও অলোক কুমার কর্মকার(প্রাণিবিদ্যা)।

শোক দিবসে ঢাবির কর্মসূচি: জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করা হয়।

এবার শোক দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে-

সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সকল হল এবং হোস্টেলে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ; সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‍্যালি  সহকারে জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুস্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন; সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা; ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা এবং বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সকল হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত।

এছাড়া হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের প্রতিকৃতি চিত্র ও তথ্যপ্রমাণাদি প্রদর্শন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ট্রাজেডি যেন আর না ঘটে সে বিষয়ে সকলের সতর্ক থাকতে হবে। তৎকালীন সব হল সংস্কার করতে হবে, না হয় এমন দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাবে। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের বুক খালি না হয়। ওইদিন যারা নিহত হয়েছিল তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের আত্মার শান্তি কামনা করি।


এ ক্যটাগরির আরো খবর..