ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ প্রতিনিধি॥১১আগস্ট’২০১৮ ঝিনাইদহ শহরের শিশু হাসপাতালের সামনে ঔষুধের ফার্মেসিতে মিজানুর রহমান (৪৫) নামের এক
ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে। এ ঘটনার পর থেকে ফার্মেসি মালিক আমিরুল ইসলাম পলাতক রয়েছে। নিহত মিজানুর শৈলকুপা উপজেলার দীঘল গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে এবং পেশায় একজন ভূষিমাল এবং জমি ব্যবসায়ী।
প্রত্যক্ষদশীরা জানায়, সন্ধ্যায় শিশু হাসপাতাল গেটে ফিরোজা ফার্মেসিতে বসে মিজানুর রহমান ও ফার্মেসি মালিক আমিরুল ইসলাম গল্প করছিল। পরে রাত ৯টার দিকে মিজানুর রহমানের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে ফার্মেসির মালিক আমিরুল পালিয়ে যায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাত ১১টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে নিজেদের মধ্যে কোনও বিরোধের জের ধরে আমিরুল ইসলাম এই ব্যবসায়ীকে হত্যা করেছে। তবে আমিরুলকে ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, ফার্মেসি মালিক আমিরুল ইসলাম জেলা শহরের ভুটিয়ারগাতী উত্তরপাড়া গ্রামের রশিদের ছেলে। তাকে ধরতে বাড়িতে গেলেও কাউকেই পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মুরগি ব্যবসায়ী আজিজ জানান, রাস্তার ওপাশ থেকে দেখছি আমিরুল দ্রুত দোকানের শাটার বন্ধ করে ছুরি হাতে নিয়ে দৌড়াচ্ছে। এসময় তাকে দাঁড়াতে বল্লে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।নিহতের ভাগ্নে ও জেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক আব্দুল আওয়াল জানান, ব্যবসা সংক্রান্ত কাজে প্রায়ই আমিরুলের দোকানে আড্ডা দিত তার মামা মিজানুর রহমান। সেই রাতেও একইভাবে দোকানে বসেছিল। আমিরুলের কাছে ট্রাক কেনার জন্য সাড়ে ৭ লক্ষ টাকা দিয়েছিল তার মামা। ধারনা করা হচ্ছে এ টাকা নিয়ে কোনও ঝামেলার কারণে সে মামাকে হত্যা করেছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ইমদাদুল হক জানান,জিজ্ঞাসা বাদের জন্য দুজনকে আনা হয়েছে তাদের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায় কিনা দেখা হচ্ছে।


