বিশেষ প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সার্টিফায়েড বা সত্যায়িত কপির জন্য দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের পাশাপাশি আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার সকালে দুদকের পক্ষ থেকেও রায়ের সত্যায়িত কপির জন্য আদালতে আবেদন করার কথা বলেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
গত বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন।
একই মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে রায়ের সার্টিফায়েড বা সত্যায়িত কপির জন্য আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। রায় প্রদানের দিনই আদালতে সত্যায়িত কপির জন্য আবেদন করা হয়েছে।
আজ সেই কপি পাওয়া যাবে কি না জানতে চাইলে সকালে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য আমিনুল ইসলাম ও জাকির হোসেন ভূঞা এনটিভি অনলাইনকে বলেন, রায়ের দিনই তাঁরা আদালতের কাছে সত্যায়িত কপির জন্য আবেদন করেছেন। ওই দিন আদালত তা দেননি। আজ এটি পাওয়া গেলে হাইকোর্টে আপিল করে জামিন আবেদন করবেন।


