জিয়া অরফানেজ ট্রাস্ট : খালেদার রিভিউ’র আদেশ বৃহস্পতিবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির আদেশ রিভিউ (পুনঃবিবেচনা) চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (১২ জুলাই) দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

আজ(সোমবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ এ দিন ঠিক করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান।

আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ, জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন।

এর আগে এ মামলায় ৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে ১২ মার্চ ৪ মাসের জামিন দেন হাইকোর্ট।

পরে সে জামিন বহাল রেখে এই মামলার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্ট বেঞ্চকে নির্দেশ দেন আপিল বিভাগ।

পরে আপিল বিভাগের আদেশের পুনঃবিবেচনা (রিভিউ) আবেদন করেন খালেদা জিয়া। আজ এ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য রাখেন সর্বোচ্চ আদালত।

গেল ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডের রায় দেন বিশেষ আদালত। বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।

একই মামলায় বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেয়া হয়।

রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

এ মামলায় সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামালউদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। তাদেরকেও ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।