চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে সিভিল সার্জনদের কঠোর নির্দেশ

বিশেষ প্রতিবেদকঃ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের নজরদারি আরো কঠোর করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ১৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে ৩ হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো ৭ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া ৩য় ও ৪র্থ শ্রেণির শুন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে হাসপাতালে জনবলের অভাবে চিকিৎসক সংকটের সমাধান সম্ভব হবে।

‘তৃণমূল পর্যায় বিশেষ করে দুর্গম এলাকার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকদেরকে কর্মস্থলে থেকে সেবা দিতে হবে’ একথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের তদারকি বাড়ানোর ফলে অতীতের তুলনায় চিকিৎসকদের কর্মস্থলে থেকে সেবা দেওয়ার প্রবণতা অনেকাংশ বেড়েছে। তিনি বলেন, সীমিত সম্পদ ও জনবল নিয়ে ১৬ কোটি মানুষের সেবা দেওয়ার জন্য চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক-নার্স, কর্মচারীদের সকলকে সচেষ্ট থাকতে হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় হাসপাতালগুলোতে শয্যা প্রতি খাদ্য ও পথ্য সংকটেরও সমাধান করেছে সরকার। ফলে সার্বিক স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, প্রায় তিন বছর আগে ৬ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দিয়ে তাঁদেরকে উপজেলায় পদায়ন করায় গ্রামে চিকিৎসক সংকটও অনেক কমে গেছে। আবার যেন সংকট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার আরো ১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দিবে। পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার দায়িত্বে সংশ্লিষ্টদেরকে আরো কঠোর হতে হবে।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ দেশের বিভিন্ন বিভাগের পরিচালক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।