নিজেদের বাড়িতে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি সফল করতে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে তাদের বাড়ির উঠান কিংবা ছাদে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।
সোমবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-১৬ আসনের আওতাধীন সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিগুণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। তোমরা বাসায় গিয়ে তোমাদের আব্বু-আম্মুকে বলবে, আজ আমিনুল আঙ্কেল এসেছিলেন এবং সবাইকে একটি করে গাছ লাগাতে বলেছেন। বাসার উঠান, ছাদ কিংবা যেখানে খালি জায়গা পাবে, সেখানে একটি করে গাছ লাগাবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, স্কুলের মাধ্যমে তাদের গাছের চারা দেওয়া হবে। তারা যেন নিজেরাই সেই চারা রোপণ করে এবং নিয়মিত গাছের যত্ন নেয়।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে দেশের নাগরিক হিসেবে সবার দায়িত্ব রয়েছে। শিশুদের ছোটবেলা থেকেই গাছের উপকারিতা ও পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে।
তিনি বলেন, আমি আজ এখানে বক্তব্য দিতে আসিনি। তোমাদের সঙ্গে গাছ লাগাতেই এসেছি। আজ তোমরাই গাছ লাগাবে, আমিও তোমাদের সঙ্গে থাকব।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখন থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।



