ঢাকা, ২১ ভাদ্র (৫ সেপ্টেম্বর) : কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এর নেতৃত্বে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর এক প্রতিনিধিদল বৈঠক করেন।
বৈঠকে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে সমভূমির তুলা চাষ এলাকা ও উৎপাদন ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তুলার উৎপাদন বাড়াতে তুলা উন্নয়ন বোর্ড তুলা গবেষণা, এর সম্প্রসারণ, বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরণ ও ঋণ বিতরণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সমতল এলাকায় সমভূমির জাতের তুলার আবাদ হচ্ছে এবং সম্প্রতি ৩টি পার্বত্য জেলাতেও পাহাড়ি জাতের পাশাপাশি সমভূমির জাতের তুলার চাষাবাদ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের টেক্সটাইল মিলগুলো ভালো করছে। এক সময় কাপড় ছিল আমদানিনির্ভর, আজ দেশের চাহিদার সম্পূর্ণ কাপড় দেশে তৈরি হচ্ছে। প্রতিনিধিবৃন্দ এ সময় মন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আইপি আবেদনের সময় ও খরচ কমানো এবং এসআরও সহজ করা।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুর মুঈদ, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. ফরিদ উদ্দিন, উদ্ভিদ সংগোনিরোধ শাখার পরিচালক ড. মোঃ আজাহার আলী বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন বিটিএমএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, বিটিএমএ-এর প্রাক্তন প্রেসিডেন্ট এ মতিন চৌধুরী, এ কে আজাদ, কটন ইউএসএ-এর কনসালট্যান্ট সাব্বির আহমেদ চৌধুরী এবং বিটিএমএ-এর সেক্রেটারি জেনারেল ফিরোজ আহমেদ।



