করোনার দ্বিতীয় তরঙ্গে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে ১৫ তম BRICS সামিটে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারত(India), চিন (China) সহ ব্রিকস গ্রুপের আরও তিনটি দেশের বিদেশমন্ত্রী যোগ দিয়েছেন। এই বৈঠকে প্রধান আলোচনার বিষয় ছিল করোনা ভাইরাস মোকাবিলা। এই সামিট থেকে ভারতের পাশে থাকার বার্তা দিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ি (Wang Yi)। শুধু চিন নয় সামিটে অংশগ্রহণকারী বাকি চার দেশ করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় ভারতকে সবরকম সাহায্যের বার্তা দিয়েছে।
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ি (Wang Yi) বলেন, করোনার দ্বিতীয় তরঙ্গে প্রচুর মানুষ মারা যাচ্ছে। ভারতের পরিস্থিতি সত্যি উদ্বেগজনক। এই সংকটে শুধু চিন নয় সামিটের অন্যান্য দেশও ভারতের সঙ্গে আছে। ভারতের প্রয়োজনে আমরা সবরকম সহায়তা করব। আমরা নিশ্চিত যে ভারত খুব তাড়াতাড়ি মহামারী কাটিয়ে উঠবে।
BRICS হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি সংগঠন। এর লক্ষ্য শান্তি, সুরক্ষা, উন্নয়ন এবং সহযোগিতা প্রচার করা। বৈঠকটি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ওয়াং ইয়ির পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিলের বিদেশমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঙ্কা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী গ্রেস নালেদী মান্ডিসা প্যান্ডোর।
দেশে ক্রমশই কমছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা রয়েছে ২ লক্ষের নিচেই। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন। মার্চ মাস থেকে যেভাবে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছিল তা সম্প্রতি কমতে শুরু করে। কিন্তু মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত ৫৪ দিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্য়া হিসাব করলে এই সংখ্যা সবচেয়ে কম।
মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও অনেকটাই কমেছে। মঙ্গলবার দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন। এই গ্রাফও নিম্নমুখী।

