করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ এবং মারা গেছেন ৪৫ জন। এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন, তার মধ্যে এ দুটোই সর্বোচ্চ রেকর্ড।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। আজ সুস্থ হয়েছেন ৭৭৭ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫,৩৩৭ জন। এ পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭১,৬৭৫ জন।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশের ৫৬টি ল্যাবের মধ্যে ৫৫টি গত ২৪ ঘণ্টা করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে শেষ ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪টি টেস্ট করা হয়েছে। যাতে শনাক্ত প্রথমবারের মতো তিন হাজার ছাড়িয়ে ৩১৭১ জন হয়েছেন।
করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


