উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোটারদের আসার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোটারদের আসার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বাংলাদেশের মানুষ বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রগতি সাধিত হয়েছে তা মূল্যায়নের সুযোগ পেয়ে অধিক আগ্রহে অপেক্ষা করছে। ভোটারদের উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সম্মেলন কক্ষে লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদ আয়োজিত ‘মহান বিজয় দিবস ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে নিতে এবারও মানুষ নৌকা প্রতীকের প্রার্থীদের জয়যুক্ত করবে।

মন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় তাই আবারো দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের মানুষ আর পিছনের দিকে যাত্রা করবে না। তিনি আরো বলেন, গ্রামের মানুষকে বঞ্চিত করে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামে শহরের সকল সুবিধা পৌঁছে দিয়েছেন। এখন শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানের ফলে প্রত্যন্ত গ্রামের যুবসমাজও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। অনেক যুবক-যুবতীই এখন প্রথাগত চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখছে।

মন্ত্রী বিগত পাঁচ বছরে লাকসাম-মনোহরগঞ্জের রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিবরণ তুলে ধরে বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই অঞ্চলের উন্নয়নে কী করা হয়েছে তা আপনারা অতীত ও বর্তমানের তুলনা করলেই বুঝতে পারবেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এ উন্নয়ন চিত্র তুলে ধরার আহ্বান জানান যাতে বিএনপি জামাত মানুষকে বিভ্রান্ত করতে না পারে।

লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি ডাঃ মুহাম্মদ আবদুল্লাহ তারেক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজ হাসান খোন্দকার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: জাকির হোসেন এবং লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।