মোশাররাফ সাতক্ষীরা প্রতিনীধি :: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর আমেনা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার রাত ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়াছিন আলম চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর জেলার অভয়নগর আকিজ জুট মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি উপজেলার গোয়ালপাড়া গ্রামের দীন মোহাম্মদ আলির ছেলে ওমর আলি (২৩) কে আটক করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি গৃহবধু আমেনা খাতুনকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার ৪ দিন পর ওই লাশ সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার করে পুলিশ। পরের দিন আমেনার পিতা বাদি হয়ে কলারোয়া থানায় জামাতা ওমর আলিসহ ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।



