‘রাতের ভোটে জনপ্রতিনিধি হওয়ার সংস্কৃতি আর চলবে না’: জহির উদ্দিন স্বপন

‘রাতের ভোটে জনপ্রতিনিধি হওয়ার সংস্কৃতি আর চলবে না’: জহির উদ্দিন স্বপন
‘রাতের ভোটে জনপ্রতিনিধি হওয়ার সংস্কৃতি আর চলবে না

বিগত সরকারের আমলে রাতের ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা আর চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবেন না। সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই স্থানীয় সরকারের প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার সমরসিংহ সার্বজনীন দুর্গাপূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচন দলীয়করণের ফলে দেশের বিভিন্ন পরিবার ও সমাজে বিভেদ সৃষ্টি হয়েছিল। স্থানীয় সরকারব্যবস্থায় জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে প্রত্যক্ষ ভোটের গুরুত্ব তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, দেশের মানুষকে প্রমাণ করতে হবে যে প্রকৃত গণতান্ত্রিক সরকার হচ্ছে বিএনপির সরকার। বিএনপি সব সময় জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই দেশ পরিচালনা করতে চায়।

দুর্গাপূজামণ্ডপে মতবিনিময়

সমরসিংহ সার্বজনীন দুর্গাপূজামণ্ডপে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি নেতাদের পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধি, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু।

এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্যসচিব শফিকুর রহমান শরিফ স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম সেন্ট খান, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, সাধারণ সম্পাদক তাপস বণিক, বাবু জগদীশ চন্দ্র দাস ও রবিন বকশিসহ অন্যরা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সম্প্রীতি, জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচনের বিষয়টি গুরুত্ব পায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।