ঢাকা, ২০ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের নবমী তিথিতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রওনা হন তিনি। সফরসূচি অনুযায়ী, রংপুরের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে পূজারি ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর।
প্রেস সচিব বলেন, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাতেই ঢাকায় ফিরবেন।
তিনি আরও জানান, ধর্মীয় উৎসব উদ্যাপনে সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। সরকারের নীতি হলো—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ ছাড়া সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর সফরসূচি
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানকার কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
চট্টগ্রামের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারি-পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।





