জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপির বক্তব্যকে কেন্দ্র করে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন ও শিরোনাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, কয়েকটি প্রতিবেদনে মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে তুলে ধরা হয়নি, যা পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়া এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাসংশ্লিষ্ট কিছু শিরোনাম এবং বক্তব্যের উপস্থাপনায় মন্ত্রীর মূল বক্তব্যের যথাযথ প্রতিফলন ঘটেনি।
মন্ত্রণালয় জানিয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী দেশের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে দুঃখজনক ও লজ্জাকর বলে উল্লেখ করেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
মন্ত্রণালয়ের মতে, মন্ত্রীর বক্তব্যের প্রকৃত অর্থ ও তাৎপর্য বুঝতে হলে এর সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে তা থেকে ভুল ব্যাখ্যা তৈরি হতে পারে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা থাকে।
এ অবস্থায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি প্রকাশিত সংবাদ প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রীর বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন এবং সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরও বলেছে, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট সব গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়।





