দিনাজপুরে চাকরি মেলা, অংশ নেবে দেশি-বিদেশি প্রায় ৮০ প্রতিষ্ঠান

দিনাজপুরে চাকরি মেলা, অংশ নেবে দেশি-বিদেশি প্রায় ৮০ প্রতিষ্ঠান
দিনাজপুরে ২৭ অক্টোবর জব ফেয়ার, অংশ নেবে প্রায় ৮০ প্রতিষ্ঠান

তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ এবং যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’। আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলায় দেশের উৎপাদন ও সেবা খাতের প্রায় ৮০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও উন্নয়ন সংস্থার সরাসরি যোগাযোগ তৈরি হবে। একই সঙ্গে চাকরির সুযোগ বৃদ্ধি এবং তরুণদের কর্মমুখী দক্ষতা উন্নয়নেও মেলাটি ভূমিকা রাখবে।

অংশ নেবে আন্তর্জাতিক সংস্থা ও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান

জব ফেয়ারে আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সংস্থা ও এনজিও খাত থেকে অংশ নেওয়ার কথা রয়েছে ইউনিসেফ (UNICEF), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএসের।

শিল্প, দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি) ও বৃহৎ শিল্পগোষ্ঠীর মধ্যে থাকছে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপের ফ্রেশ, লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপ।

ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাত থেকে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।

ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস এবং নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও অন্যান্য সেবা খাত থেকে রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০ এবং কমুরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ নেওয়ার কথা রয়েছে।

থাকবে সরাসরি সাক্ষাৎকার ও দক্ষতা উন্নয়নের সুযোগ

চাকরিপ্রত্যাশীদের জন্য মেলায় সরাসরি সাক্ষাৎকার এবং তাৎক্ষণিক চাকরির সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কর্মজীবনের উপযুক্ত পথ বেছে নেওয়া, চাকরির প্রস্তুতি এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বাড়ানোর বিষয়ে অভিজ্ঞ পরামর্শকদের কাছ থেকে দিকনির্দেশনা পাবেন অংশগ্রহণকারীরা।

আয়োজকদের মতে, শুধু চাকরির সুযোগ তৈরি নয়, বরং চাকরিপ্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার সমন্বয় ঘটানোও এ মেলার অন্যতম উদ্দেশ্য।

২০ হাজার চাকরিপ্রার্থীর অংশগ্রহণের প্রত্যাশা

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৬ হাজার ৩ জন চাকরিপ্রত্যাশী নিবন্ধন সম্পন্ন করেছেন। মেলায় মোট প্রায় ২০ হাজার তরুণ-তরুণীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের আশা, দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য এ আয়োজন নতুন কর্মসংস্থানের পথ খুলে দেবে। স্থানীয় পর্যায়ে চাকরির সুযোগ সম্প্রসারণ, যুবসমাজকে স্বাবলম্বী করা এবং পিছিয়ে পড়া অঞ্চলকে জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার ক্ষেত্রেও মেলাটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।