বরিশালের শ্রেষ্ঠ ওসি ও মাদক উদ্ধারকারী আগৈলঝাড়ার মাসুদ খান

বরিশালের শ্রেষ্ঠ ওসি ও মাদক উদ্ধারকারী আগৈলঝাড়ার মাসুদ খান
আগৈলঝাড়ার মাসুদ খান

বরিশাল জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের সামগ্রিক মূল্যায়নে ওসি মোহাম্মদ মাসুদ খান জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে আগৈলঝাড়া থানা-পুলিশের বিভিন্ন অভিযানে ২ হাজার ২১৭ পিস ইয়াবা, ৫৪০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদকসংক্রান্ত ৭৫টি মামলায় ৭০ জনকে অভিযুক্ত করা হয় এবং ৬৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি সেবাকে জনবান্ধব করার লক্ষ্যে কাজ করছেন ওসি মাসুদ খান। তাঁর নেতৃত্বে আগৈলঝাড়া থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করছে।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, এই অর্জন তাঁর একার নয়; আগৈলঝাড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও পেশাদারত্বের সম্মিলিত ফল। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব হতো না। এ জন্য তিনি পুলিশ সদস্যদের পাশাপাশি সহযোগিতাকারী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় আগৈলঝাড়াকে অপরাধ ও মাদকমুক্ত করতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা মনে করেন, মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় আগৈলঝাড়া থানা-পুলিশের এ সাফল্য জেলার অন্যান্য থানার জন্যও ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।

জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান আশা প্রকাশ করেন, জেলা পুলিশের সমন্বিত উদ্যোগ, পেশাগত দক্ষতা এবং দায়িত্ব পালনে নিষ্ঠা আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।