৫৭ বছর রোগী দেখে গিনেস বুকে নাম তুলেছেন ১ টাকার ডাক্তার

দীর্ঘ ৫৭ বছর ১ টাকায় রোগী দেখে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার তাঁকে লংগেস্ট অ্যাওয়ারনেস রিবন পুরস্কার দেওয়া হয়। গিনেস বুক কর্তৃপক্ষ বোলপুরের বাড়িতে এসে সুশোভনবাবুর হাতে এই পুরস্কার তুলে দেন। কয়েক মাস আগে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন।

প্রতিদিন সকালে বাড়ির সামনে লম্বা লাইন। বীরভূম এবং আশেপাশের জেলা থেকে ভিড় জমান রোগীরা। কেউ পেটের রোগে ভুগছেন। তো কেউ আবার হৃদযন্ত্রের সমস্যায়। ভিড় করে থাকা অধিকাংশ মানুষ হতদরিদ্র পরিবারের। আর তাদের চিকিৎসা করে হাসিমুখে বাড়ি ফেরানোর দায়িত্ব নিয়েছেন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। কেউ বলে গরিবের ডাক্তার। আবার কেউ বলেন, এক টাকার ডাক্তার। কারণ, তিনি চিকিৎসা করতে কয়েক দশক ধরে রোগীপিছু এক টাকা ফি নিয়ে আসছেন।

সুশোভন বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর পাঠভবনের ছাত্র ছিলেন। পরে তিনি আরজি কর থেকে ১৯৬২ সালে ডাক্তারি পাস করেন।উচ্চশিক্ষা লাভের জন্য তিনি লন্ডনে যান। তাঁর প্রথম কর্মক্ষেত্র বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল। দীর্ঘদিন সেখানে ডাক্তারি করেছেন। গরিব মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বরাবর।

হাসপাতালে চাকরির পাশাপাশি নিজের বাড়িতে এক টাকা ফি নিয়ে রোগী দেখা শুরু করেছেন। ১৯৬৩ সাল থেকে এভাবেই রোগী দেখছেন তিনি। প্রতিদিন ১৫০ জন করে রোগী দেখেনে সুশোভন বন্দ্যোপাধ্যায়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষে তিনি বলেন, প্রতিদিন ১৫০ জন করে রোগী দেখার জন্য আমাকে সম্মান জানানো হয়েছে। এই সম্মানে আমি অভিভূত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।