নিজস্ব প্রতিবেদকঃ ব্রঙ্কস ব্যুরো আওয়ামী লীগ টাউন হলে আয়োজিত সভায় যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতারাযুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন আমেরিকা সফরে ডিম-জুতা প্রদর্শনসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে, তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। সফরকালে প্রধানমন্ত্রীর অসম্মান হতে পারে এমন কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা আয়োজন উপলক্ষে ব্রঙ্কসে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
জাতিসংঘের ৭২তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা এদিন তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলের বলরুমে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে। আর ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপনের সময় অধিবেশন স্থলের বাইরে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনাকে সামনে রেখে সম্প্রতি ব্রঙ্কস ব্যুরো আওয়ামী লীগ টাউন হলে এক সভার আয়োজন করে। সভায় সিদ্দিকুর রহমান বলেন, বিএনপি-জামায়াত চক্র এই প্রবাসেও নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সব অভিসন্ধি প্রতিহত করে যেকোনো মূল্যে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফর নির্বিঘ্ন ও সফল করতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা।
সভায় জানানো হয়, এবারের সংবর্ধনার জন্য ৫ হাজার আসনের অভিজাত হল ভাড়া নেওয়া হয়েছে। মূল মঞ্চ তৈরি করা হবে ৭৭ ফুট দীর্ঘ নৌকার আদলে। বক্তারা বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই। এ জন্য ভোটের মাধ্যমে আবার শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আর এ জন্য সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে প্রবাসীদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি আকতার হোসেন ও সৈয়দ বসারত আলী, উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবদুর রহিম বাদশা, প্রচার সম্পাদক এনাম (দুলাল মিয়া), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, কার্যকরী সদস্য শাহানারা রহমান, সামছুল আবেদীন ও আবদুল হামিদ, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, যুক্তরাষ্ট্র শাখা জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উপদেষ্টা কফিল উদ্দিন চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, আজিজুর রহমান সাবু, আবদুল হান্নান, আমেরিকা মহিলা লীগের সহসভাপতি রওশন আরা বেগম, উপদেষ্টা খায়রুন নাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নার্গিস আহমেদ বিউটি, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দুরুদ মিয়া রনেল, ব্রঙ্কস বোরো শাখা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আহিয়া, সদস্যসচিব এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসাইন, নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ।





