আবুল কালাম আজাদ, যশোর: যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট থেকে হ্যান্ডকাপসহ সুজন (২৫) নামে এক হাজতি পালিয়ে গেছেন।
রোববার রাত দশটার দিকে ওয়ার্ডের একটি জানালা ভেঙে পালিয়ে যান তিনি। পলাতক সুজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকার রণজিৎকুমার মল্লিকের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, সুজন সাড়ে চার বছর আগে যশোরের মণিরামপুরের এক মেয়েকে বিয়ে করেন। বউকে নিয়ে যশোর শহরের বারান্দিপাড়ায় বসবাস করতেন তিনি। কিছুদিন আগে স্ত্রীকে তালাক দেন তিনি। ওই দম্পতির তিন বছরের একটি মেয়ে আছে। এরপর সুজন একই এলাকার বাসিন্দা এক ব্যাংক কর্মকর্তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুজনের নামে যশোর কোতয়ালী থানায় মামলা করেন।
জেলার জানান, পুলিশ গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সুজনকে গ্রেফতার করে যশোর আনে। এরপর ১০ এপ্রিল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিন্তু সুজনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে কারাগার থেকে ওইদিন সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর কর্তৃপক্ষ তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখান থেকে আজ রাতে (রোববার) জানালা ভেঙে হ্যান্ডকাপসহ সুজন পালিয়ে যান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি যশোর পুলিশকে অবহিত করা হয়েছে। তারা সুজনকে ধরতে অভিযান শুরু করেছে। এছাড়া সুজনের পৈত্রিক নিবাস রাজবাড়ী জেলা পুলিশকেও বিষয়টি জানানো করা হয়েছে।
জেলার বলছেন, এ ঘটনায় থানায় ডায়েরি করা হবে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ‘তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আশপাশের থানাগুলোতে বেতার বার্তা পাঠানো হয়েছে।’
