স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহণকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাষ্ট্রপতি রবিবার লন্ডন সময় বিকেল ৬টা ৪০ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এবং লন্ডনে বাংলাদেশ মিশনের সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এর আগে গত ৩১ আগস্ট ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি আব্দুল হামিদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক ও ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। এ ছাড়া তিন বাহিনী প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময় থেকেই তিনি লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।